প্রতি বছর একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছর থেকে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ নামে আট দলের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দক্ষিণ এশিয়ার পাশাপাশি এশিয়া ও ইউরোপের দেশগুলোকেও এতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন এই পরিকল্পনার কথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আগামী বছর থেকে আমরা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চাই। আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। দক্ষিণ এশিয়ার পাশাপাশি এশিয়া ও ইউরোপ থেকেও দল আনার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশে নিয়মিত আন্তর্জাতিক ফুটবলের আসর বসানোর লক্ষ্যেই এই উদ্যোগ। সাফ অঞ্চলে সাধারণত প্রতিবছর কিংবা দুই বছর পরপর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে সরকার শুধু আঞ্চলিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতি বছর একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চায়।

