ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণ ও ১নং রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ বন্ধের দাবির পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বুধবার (১৩ মে) সকালে সংগঠন দুটির পক্ষ থেকে জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ভবানী শংকর রায়, অ্যাডভোকেট জাহিদুল হক দীপু, অসিত বরণ বিশ্বাস, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম, কাজল, হাফিজুল ইসলাম, আবুনাইম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল।
খানপুরে প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণের বিরোধিতা করে স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে এমন কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছিল যা জনস্বার্থের পরিবর্তে একটি সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছে। খানপুর কন্টেইনার পোর্ট প্রকল্পকে তেমনই একটি অপ্রয়োজনীয় ও ক্ষতিকর উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, পানগাঁও কন্টেইনার টার্মিনাল দীর্ঘদিন ধরেই পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে না। এর মাত্র অল্প অংশ ব্যবহার হচ্ছে। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ শহরের ভেতরে নতুন কন্টেইনার পোর্ট নির্মাণ করা হলে চাষাঢ়াসহ আশপাশের এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হবে এবং নগরজীবনে মারাত্মক প্রভাব পড়বে। তাই প্রকল্পটি অবিলম্বে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অপরদিকে ১নং রেলগেট এলাকায় রেলওয়ের জমিতে বাণিজ্যিক মার্কেট নির্মাণের কাজ বন্ধের দাবিও জানানো হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একটি অসাধু চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১২ সালে প্রথম মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আন্দোলনের মুখে তা বন্ধ হয়ে যায়।
পরে ২০২২ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উচ্চ আদালতে রিট দায়ের করে। আদালতের নির্দেশে নির্মাণকাজ বন্ধ থাকলেও বর্তমানে আবারও গোপনে কাজ চালানোর অভিযোগ তোলা হয়। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়েছে।
এদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দেওয়া পৃথক স্মারকলিপিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক বলে দাবি করা হয়। সংগঠনটির অভিযোগ, সরকার কিলোমিটারপ্রতি মাত্র ১১ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেও পরিবহন মালিকপক্ষ ৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৫৫ টাকা করেছে, যা নিয়মবহির্ভূত।
তাদের ভাষ্য অনুযায়ী, ১৮ কিলোমিটার রুটে সরকার নির্ধারিত ভাড়া বৃদ্ধির পরিমাণ হওয়া উচিত ছিল প্রায় ২ টাকা। কিন্তু বাস্তবে ৫ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ভাড়া পুনর্নির্ধারণের আগে যাত্রী প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে যেন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হয়, সে বিষয়ে জেলা প্রশাসকের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন যাত্রীরা।

