নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশের বেকারত্ব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিসিকের চাকরি মেলার মতো উদ্যোগ তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘চাকরি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, বিসিকের দায়িত্ব বর্তমানে এমন একজন দক্ষ ব্যক্তির হাতে রয়েছে, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখতে আগ্রহী। আজকের চাকরি মেলার আয়োজন সেই কর্মসংস্থান উদ্যোগকে উৎসাহিত করার একটি অংশ।
তিনি বলেন, আজ যে উদ্যোগের মধ্য দিয়ে চাকরি মেলার কার্যক্রম শুরু হলো, এর মাধ্যমে সারাদেশের বেকারত্বের সমস্যা মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে কর্মসংস্থানের সংকট অনেকটাই সমাধান করা সম্ভব।
বিসিকের ভূমিকা তুলে ধরে নাসিক প্রশাসক বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করাও বিসিকের অন্যতম উদ্দেশ্য। গ্রামের উদ্যোক্তারা বিভিন্ন পণ্য উৎপাদন করছেন, যেসব পণ্যের দেশ-বিদেশে চাহিদা রয়েছে। উৎপাদন ব্যয় কমানো এবং উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে।
তিনি আরও বলেন, বিসিকের ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বিসিককে উৎসাহিত করতে কারুশিল্প মেলার আয়োজনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করারও ঘোষণা দেন তিনি।

