ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বিশেষ অপেক্ষাগার ও ব্রেস্ট ফিডিং কর্ণার ‘স্নেহকুঞ্জ’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে উপজেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
উপজেলা প্রশাসন জানায়, প্রতিদিন নানা সরকারি সেবা নিতে বিপুল সংখ্যক নারী সদর উপজেলা কার্যালয়ে আসেন। অনেকের সঙ্গেই থাকে ছোট শিশু। দীর্ঘ সময় অপেক্ষার কারণে যাতে তারা কোনো ধরনের ভোগান্তি বা অস্বস্তিতে না পড়েন, সে লক্ষ্যেই ‘স্নেহকুঞ্জ’ চালু করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন বলেন, মাতৃত্বের মর্যাদা রক্ষা, নারীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত এবং শিশুদের সুস্থতার বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সেবাগ্রহীতাদের মানবিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেবা প্রদান করাই প্রশাসনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নিলুফা ইয়াসমিন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

