জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনকে কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ সদরের ক্রীড়াবিদ মাহবুব হোসেন বিজন।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৫(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গঠিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুসরণ করে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন এডহক কমিটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, বিভিন্ন ক্রীড়া আয়োজন সমন্বয় এবং ক্রীড়াবিদদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রেও কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।
এদিকে, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়টিও নতুন দায়িত্বের সঙ্গে গুরুত্ব পাচ্ছে। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক আয়োজনে সম্পৃক্ত রয়েছেন। এর আগে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবেও দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শৃঙ্খলা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে মাঠ ও ক্রীড়া কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রমকে কাঠামোবদ্ধ করার ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন এডহক কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও সংগঠিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

