ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাপ্তাহিক ছুটির দিনের স্বস্তির সকালটাকে যেন ম্লান করে দিলো ভোরের মুষলধারে বৃষ্টি। শুক্রবার (১ মে) ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা জামতলা এলাকায় দেখা যায়, প্রায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেকেই ছুটির দিনে সকালে বাজার করতে বের হয়ে বিপাকে পড়েন। কেউ জুতা হাতে নিয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, আবার কেউ রিকশা বা ভ্যানে উঠতে বাধ্য হচ্ছেন।
রামপুরার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী মিজানুর রহমান বলেন, ছুটির দিনে একটু আরাম করে ঘুম থেকে উঠেছিলাম। ভাবলাম বাজারটা সেরে ফেলি। কিন্তু বাইরে বের হয়েই দেখি রাস্তায় পানি জমে গেছে, হাঁটা মুশকিল। শেষ পর্যন্ত পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হলো।
মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একই চিত্র। সকাল ৯টার দিকেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। এতে ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। রিকশাচালকরা বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
মালিবাগের এক গৃহিণী নাসরিন আক্তার বলেন, শুক্রবার বলে একটু দেরিতে বাজারে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সব এলোমেলো হয়ে গেছে। পানি জমে যাওয়ায় কাঁচাবাজারে যেতে কষ্ট হয়েছে, অনেক দোকানও ঠিকমতো খুলতে পারেনি।

