নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিনের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজি-অটোরিকশাচালক এবং স্থানীয় বাসিন্দারা। কয়েক ঘণ্টার এ কর্মসূচিতে মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালক ও এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে সিএনজি-অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।
এ সময় স্থানীয় বাসিন্দা ও চালকরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, “অটোরিকশাচালকদের দাবি যথার্থ। বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কীভাবে সংস্কার কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।“
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার প্রকল্পের ওয়ার্ক পারমিট ইতোমধ্যে পাওয়া গেছে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুন মাসে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী আগস্টের প্রথম সপ্তাহে সংস্কার কাজ শুরু করার আশা করছেন সংশ্লিষ্টরা।

