ভারতের লাইনআপটা দেখুন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা… এতসব তারাদের ভিড়ে ভারতের মূল দল ভেবে বসলেও বসতে পারেন আপনি। ভারত এ দলের বিপরীতে পাকিস্তানের স্কোয়াড বেশ অপরিচিত। সেই দল নিয়েই ভারতকে ধসিয়ে দিয়েছে পাকিস্তান শাহিন্স। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে রোববার ভারত এ-কে ৪৮ রানে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনালের খুব কাছে চলে গেছে দলটি।
ম্যাচের শুরুটা হয়েছিল টস নাটক দিয়ে। ভার্মা মুদ্রা ছুড়লেন, পাকিস্তান অধিনায়ক আবদুল সামাদ ডাকলেন হেড। ম্যাচ রেফারি ঘোষণা করলেন টেইল। সামাদ ভুলটা ধরিয়ে দিলেন, কর্তারা সিদ্ধান্ত শুধরে দিলেন পাকিস্তানের পক্ষে।
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শামিল হোসেন আর মাজ সাদাকাত তুললেন ৬৬ রান। শামিল ২৩ বলে ৩৩ করে ফেরেন আয়ুষ বাদোনির বলে, শর্ট থার্ডে ক্যাচ নেন হর্ষিত রানা। এরপর রানা আরও একজনকে ফেরালেন, রোহাইল নাজিরকে এলবিডব্লইউ করেন শূন্য রানে। ৬৭ রানে ২ উইকেট খুইয়ে বসে পাকিস্তান।
সেখান থেকে ইনিংস গড়লেন মাজ আর হাসান নাওয়াজ। মাজ ৬৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন, চলতি টুর্নামেন্টে যা আবার তার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। হাসান নওয়াজ ৮২ বলে তোলেন ৭৯। ফারহান ইউসুফের ৪৮ বলে ৫৬ আর ইমরানের ২৩ রানের ঝোড়ো ইনিংসে পাকিস্তান ৩০০ ছাড়ানো পুঁজি পেয়ে যায়। শেষ পর্যন্ত যে রান যথেষ্টই হলো।
জবাবে ভারতের শুরুটা হয় অভিষেক শর্মার ঝড় দিয়ে। ৪২ বলে ৭০, ছয়টি চার আর ছয়টি ছক্কা। কিন্তু ১৬তম ওভারে তিনি বিদায় নিলে ধসে পড়ে ভারতের ইনিংস। চাপে পড়া ভারতকে পাক স্পিনাররা চেপে ধরেন। সুফিয়ান মুকিম বোল্ড করলেন কুমার কুশাগ্রকে। এরপর হাসান ফেরালেন রিঙ্কু সিং আর সূর্যাংশ শেডগেকে। ২৬তম ওভারে ভারত খুইয়ে বসে ৬ উইকেট, স্কোরবোর্ডে রান তখন মোটে ১২৯।
ভার্মা ওপাশে দাঁড়িয়ে দেখছিলেন সঙ্গীদের আসা যাওয়া। শেষমেশ তিনিই বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। সঙ্গী শাহবাজ আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে দুজনে তুললেন ১১২ রান, স্কোর পৌঁছাল ২৪১-এ। ভারতের আশা তখন সত্যিই ফিরে এসেছিল।
শেষমেশ আলি রাজা ভাঙেন তাদের এই জুটি। হাসানের হাতে ক্যাচ দিয়ে শাহবাজ ফেরেন, ৪৯ বলে ৫৬ রানের ইনিংস শেষ হতে হতেই ভারতের আশা শেষ। এরপর রাজা বোল্ড করলেন বিপ্রাজ নিগমকে। ইমরান রনধাওয়া ফেরালেন হর্ষিত রানাকে। ভারত নয় উইকেট হারিয়ে ফেলে।
ভার্মা ম্যাচ জেতাতে না পারলেও নিজের সেঞ্চুরিতে পৌঁছেছেন ঠিকই। কিন্তু সেটা সান্ত্বনার চেয়ে বেশি কিছু হলো না। ৫০তম ওভারে আহমেদ দানিয়ালের বলে ১৪৯ বলে ১০০ করে উইকেটরক্ষক রোহাইল নাজিরের হাতে ধরা পড়েন। ভারতের ইনিংস তখন শেষ হয় ২৬৫ রানে, পাকিস্তান জয় তুলে নেয় ৪৮ রানে।

