ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হত্যার অভিযোগে দায়ের করা সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে আইভীর করা পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন ওই দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে এক মামলায় গত ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
এই দুই মামলায় অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন কারাবন্দী সাবেক মেয়র আইভী। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে পৃথক পাঁচটি আবেদন করে। পরে চেম্বার আদালত ১২ নভেম্বর জামিন স্থগিত করে আবেদনগুলো নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। বর্তমানে সেগুলো শুনানির অপেক্ষায় রয়েছে।
আইভীর আইনজীবীদের তথ্যমতে, ওই পাঁচ মামলায় জামিন পাওয়ার দিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং তা মঞ্জুর হয়। যদিও এসব মামলার এজাহারে তার নাম ছিল না। পরে এসব পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
পরবর্তীতে এসব জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। চেম্বার আদালত গত ৫ মার্চ শুনানি শেষে জামিন স্থগিত করে আবেদনগুলো নিয়মিত বেঞ্চে পাঠান। এ বিষয়ে সর্বশেষ ২৭ এপ্রিল শুনানি অনুষ্ঠিত হয় এবং আদেশের জন্য ৩ মে দিন ধার্য করা হয়েছে।
এদিকে ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন।

