ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর তিন দশক পরও ফুরায়নি তার আবেদন। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও প্রাসঙ্গিক হয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি সুপারস্টার হিসেবেই অমরত্ব নিয়েছেন। প্রায়ই প্রিয় নায়ককে নিয়ে নানারকম পাগলামি দেখা যায় তার ভক্তদের মধ্যে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে একটি ভিডিও। সেখানে এক ভক্তকে দেখা গেল এআই প্রযুক্তির সহায়তা নিয়ে তিনি সালমান শাহকে জড়িয়ে ধরেছেন। বললেন অনেক কথাও। আবেগঘন সেই আলাপচারিতার সময় ভক্তের চোখে ছিলো অশ্রু।
ভিডিওটি শুরু হয় সালমান শাহের জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’র একটি দৃশ্য দিয়ে। যেখানে শাবনূরের সঙ্গে সালমানকে দেখা যায়। সেই দৃশ্যের মধ্যেই ঢুকে পড়েন সালমান ভক্ত রবিন রাফান। সালমান শাহ তাকে দেখে জানতে চান তিনি কে? রবিন জানান, তিনি ভবিষ্যত থেকে এসেছেন। তার অনেক বড় ফ্যান।
অবাক হয়ে সালমান আবার জানতে চান, ভবিষ্যতের মানুষ কি তাকে মনে রেখেছে? দু চোখ জলে ভাসিয়ে সালমানকে জড়িয়ে ধরেন রবিন। তিনি জবাব দেন, ভবিষ্যতের মানুষের কাছে সব স্টারদের চেয়ে বড় স্টার সালমান শাহ। এসময় সালমানও আবেগী হয়ে বাতাসে মিলিয়ে যান।
ছোট এই ভিডিওটি ফেসবুকে নেটিজেনদির নজর কেড়েছে। অনেকেই প্রিয় নায়কের সঙ্গে এমন ভিডিও বানাতে চাইছেন।
রবিন রাফান একজন কন্টেন্ট ক্রিয়েটর। তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেন।

