ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরে হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিভিন্ন এলাকার হকাররা এ কর্মসূচি পালন করেন।
জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে শতাধিক হকারদের মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। একইসঙ্গে তারা শায়েস্তা খাঁ সড়কেও বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশ শেষে হকাররা একটি বিক্ষোভ মিছিল বের করে চাষাড়া থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন পর্যন্ত পদযাত্রা করেন। পরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে স্লোগান দেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া হকাররা অভিযোগ করেন, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই মহানগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালায়। এতে হঠাৎ করেই হাজারো হকার কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তারা।
হকার নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে হকারদের পুনর্বাসনের কথা বলা হলেও নারায়ণগঞ্জে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং জীবিকার সুযোগ না দিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হচ্ছে।
সমাবেশ থেকে হকাররা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— পুনর্বাসন না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা, নির্দিষ্ট স্থানে হকারদের বসার ব্যবস্থা করা, উচ্ছেদকৃত হকারদের তালিকা প্রস্তুত করা, পুনর্বাসন না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টার পর ফুটপাতে বসার সুযোগ দেওয়া এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

