ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, সংগীতশিল্পী ও “দ্য স্টুডিও মিরর”-এর পরিচালক তাকবীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
অভিযোগে বলা হয়, গত ১ মে তাকবীর হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। হামলার সময় তাকবীর হোসেনসহ তার সঙ্গে থাকা আরও দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিশেষ করে তাকবীর হোসেনের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যা হত্যাচেষ্টার শামিল বলে দাবি সংশ্লিষ্টদের।
বিবৃতিতে বলা হয়, তাকবীর হোসেন শুধু একজন গণআন্দোলনের কর্মী নন, তিনি একজন সম্ভাবনাময় সংগীতশিল্পী হিসেবেও পরিচিত। পাশাপাশি “দ্য স্টুডিও মিরর”-এর পরিচালক হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার ওপর এ হামলাকে ব্যক্তি আক্রমণের পাশাপাশি সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর আঘাত হিসেবেও দেখা হচ্ছে।
হামলার পর আহত অবস্থায় তিনি তাৎক্ষণিক চিকিৎসা নেন এবং পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার না করায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকবীর হোসেন ও অন্যান্য আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়া গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এ ধরনের হামলাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

