ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুর খবরে মুহূর্তেই হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে যাঁরা তাকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন, সেই চিকিৎসক ও নার্সদের অনেককেই অশ্রুসজল চোখে দেখা যায়। আবেগ সামলাতে না পেরে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
খালেদা জিয়ার মৃত্যুর খবর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট করেন। দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনেও নেমে আসে গভীর শোক।
মৃত্যুর সময় তার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন। সংক্রমণজনিত সমস্যাও ছিল তার। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
স্বাস্থ্যের অবস্থা গুরুতর হয়ে উঠলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, রাত ২টার পর অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন সময়’ পার করছেন। সে সময় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়।
তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

