নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়নকাজের প্রতিটি ধাপে জনগণকে সচেতন থাকতে হবে এবং কোথাও অনিয়ম বা ত্রুটি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। একই সঙ্গে তিনি নিজেও নিয়মিত প্রকল্প পরিদর্শনের মাধ্যমে কাজের মান নিশ্চিত করছেন বলে জানান।নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্ট অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি উন্নয়নকাজের মান নিশ্চিত করা সবার দায়িত্ব। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, কোথাও কাজের ত্রুটি বা অনিয়ম দেখা গেলে তা দ্রুত জানাতে হবে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এমপি জানান, দীর্ঘদিন ধরে শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কটি বেহাল অবস্থায় ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশল বিভাগের মাধ্যমে প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করা হয়েছে। মাত্র দেড় মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, স্থানীয়দের পক্ষ থেকে সড়কের পাশাপাশি ড্রেন নির্মাণের দাবিও ছিল। তবে বরাদ্দ ও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে একসঙ্গে দুটি কাজ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওই এলাকায় ড্রেন নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আব্দুল্লাহ আল আমিন বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের জন্য নয়; এটি পুরো এলাকার মানুষের অধিকার। দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জকে আরও আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব হবে। তিনি আরও বলেন, অতীতে যেভাবে বিভিন্ন এলাকায় উন্নয়ন বৈষম্যের অভিযোগ ছিল, সেই ধারা আর চলতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় সম্পদের ন্যায্য বণ্টনের মাধ্যমে প্রতিটি এলাকার মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি জানান, সড়কটির নির্মাণকাজ শুরুর দিকে কিছু ত্রুটি ধরা পড়ায় সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছিল। পরে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে পুনরায় কাজ শুরু করা হয়। ভবিষ্যতের প্রকল্পগুলোতেও একইভাবে গুণগত মান নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি জালকুড়ি-পাগলা সড়কসহ চলমান অন্যান্য উন্নয়ন প্রকল্পের দিকেও স্থানীয়দের নজর রাখার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সচেতনতা থাকলে কোনো প্রকল্পেই নিম্নমানের কাজ করার সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

