এক সময় দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। রাজপথের মিছিল-মিটিং, দলীয় কর্মসূচি কিংবা সাংগঠনিক তৎপরতায় জেলার নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় দুই বছর পর সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। মামলা, গ্রেফতার, আত্মগোপন, নেতৃত্বের সংকট এবং সাংগঠনিক স্থবিরতায় জেলার আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার পর অনেকেই আত্মগোপনে চলে যান, কেউ দেশ ছেড়েছেন, আবার অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম হয়নি। জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আসামি হন। দলীয় সূত্রের দাবি, এখনও অনেকে এলাকায় ফিরতে পারছেন না। অনেকেই রাজধানী বা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছেন।
জেলার গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগারে ছিলেন।আইভী মুক্তি পেলেও কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তাদের অনুপস্থিতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তৃণমূলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও বর্তমান সংকটে তারা কার্যত অসহায়। অনেকেই বলছেন, যেসব শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বা আত্মগোপনে রয়েছেন, তাদের কাছ থেকে মাঠপর্যায়ের নেতাকর্মীরা প্রত্যাশিত যোগাযোগ কিংবা সহায়তা পাচ্ছেন না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় দলটির প্রকাশ্য সভা-সমাবেশ বা কর্মসূচি আয়োজন সম্ভব হচ্ছে না। সরকার জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এরই মধ্যে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির আহ্বান বা সীমিত পর্যায়ে সাংগঠনিক তৎপরতার চেষ্টা দেখা গেলেও সেগুলোর দৃশ্যমান প্রভাব মাঠে পড়েনি। নিরাপত্তা, মামলা ও গ্রেফতার আতঙ্কের কারণে প্রকাশ্যে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন না অধিকাংশ নেতাকর্মী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বাস্তবতায় মাঠভিত্তিক সংগঠন পুনর্গঠন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সরকার সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে নারায়ণগঞ্জসহ কয়েকটি এলাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। ফলে প্রকাশ্য কর্মসূচি আয়োজনের সুযোগ আরও সীমিত হয়ে পড়ে।
বর্তমানে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর রাজনৈতিক উপস্থিতি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ। মাঠের রাজনীতির বদলে অনলাইনে দলীয় অবস্থান তুলে ধরলেও বাস্তব সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ খুবই কম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাংগঠনিক পুনর্গঠন, নেতৃত্বের শূন্যতা কাটিয়ে তৃণমূলের সঙ্গে কার্যকর যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং পরিবর্তিত রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৌশল নির্ধারণ। অন্যদিকে চলমান আইনি প্রক্রিয়া, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং মাঠপর্যায়ের অনিশ্চয়তা দলটির ঘুরে দাঁড়ানোর পথকে আরও কঠিন করে তুলেছে।

