ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্য বিরোধী অকুতোভয় বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত হলের নামকরণ ও হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীর তালাইমারিতে বিক্ষোভ করেছে রুয়েট শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের কর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টায় রুয়েট শিক্ষার্থীরা তালাইমারিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে রুয়েটের নবনির্মিত হল গেটে ‘শহিদ শরিফ ওসমান হাদি’ নামের ব্যানার টানিয়ে দেন।
এ সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, ‘আমি কে তুমি কে, হাদি হাদি,’ ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
রুয়েটে শহিদ ওসমান হাদি হলে নামকরণের বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা, শিক্ষার্থীরা শহিদ ওসমান হাদির নামে হলের নামকরণের দাবি জানালে, ওসমান হাদির নামে ব্যনার টানালে অবশ্যই আমাদের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

