ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে প্রাঞ্জল ও জাহানারা নামের দুজনের পরিচয় জানা গেছে। অপর দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে পাঠদান চলাকালে হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে শ্রেণিকক্ষে থাকা চার শিক্ষার্থী আহত হয়। তবে ফ্যানটি সরাসরি কারও মাথায় না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মশিউর রেজা বলেন, স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে ঢোকার সঙ্গে সঙ্গেই ফ্যানটি খুলে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “সৌভাগ্যবশত বড় ধরনের ক্ষতি হয়নি, না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।”
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর জানান, প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে গিয়ে তিনি এ দুর্ঘটনার মুখোমুখি হন। তাঁর অভিযোগ, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

