নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় একটি বেকারি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী এম এ জুবায়ের আহমেদ। তাঁর দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৭৬ লাখ টাকা।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে হীরাঝিল এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ জানান, গত ২৪ নভেম্বর ভোর ৪টার দিকে মুজিনগর এলাকার মো. শাইন (৪০) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির ভেতরে ভাড়া নিয়ে পরিচালিত বেকারি কারখানায় হামলা ও ভাঙচুর চালানো হয়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে কালশিটে ও ফোলা জখম হয়েছে। তাঁর চিৎকার শুনে স্ত্রী রিপা (২৪) এগিয়ে এলে অভিযুক্ত শাইন তাঁর গলা থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং ৭ হাজার টাকা মূল্যের হীরার নাকফুল ছিনিয়ে নেন বলে দাবি করেন তিনি।
জুবায়েরের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বেকারির ক্যাশ বাক্স থেকে নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যান। পাশাপাশি কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকার ক্ষতিসাধন করেন।
তিনি আরও জানান, তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন তিনি। এ কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাড়া নেওয়া সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন অভিযুক্ত শাইন। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে বেকারি কারখানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর অভিযোগ।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই ব্যবসায়ী।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

