ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার সাম্প্রতিক ধর্ষণ ও শিশু হত্যার ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক দুর্বলতার কারণেই ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে।
বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে। ২০২৪ পরবর্তী সময়ে বিচারব্যবস্থা সংস্কারের সুযোগ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এরই ধারাবাহিকতায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং রাজধানীর পল্লবীতে রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। তিনি বলেন, ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন অপরাধ অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র শাস্তি নয়, সমাজ ও শিক্ষাব্যবস্থার মধ্যেও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। রাষ্ট্রীয় উদ্যোগে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ধর্ষণ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে প্রশাসনের ধীরগতির ভূমিকা অপরাধীদের আরও উৎসাহিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, একটি ৭ বছরের শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, নারী ও শিশুরা আজ সবচেয়ে বেশি অনিরাপদ অবস্থায় রয়েছে। প্রতিটি ঘটনার পর কেবল আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নারী-শিশু নিরাপত্তায় কার্যকর দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে বলেও সতর্ক করেন তাহমিদ আনোয়ার।

