নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মজুত রাখা হয়েছিল মাদক। সেখানে অভিযান চালিয়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল করিম (৬০) ও তাঁর ছেলে মো. মাসুম (৩২)। তাঁরা বন্দরের মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় তাঁদের মালিকানাধীন একটি গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১-এর পক্ষ থেকে শনিবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গ্যারেজটিতে অভিযান চালায়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যারেজের কক্ষের মেঝের নিচে তৈরি করা একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্তের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা মাদক ও টাকাসহ গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

