নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা। তিনি স্পষ্ট করে বলেছেন, তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে তারা।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে ১০০ কেভি জেনারেটর ও ৩০টি কম্পিউটার নিয়ে আধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় আবুল কাউসার আশা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয় বুঝে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। তবে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার ওপরও জোর দেন তিনি।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে সমন্বয় করে ক্লাস নেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ সরাসরি জানাতে বিদ্যালয়ে অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দেন তিনি। অভিযোগের গোপনীয়তা রক্ষার আশ্বাস দিয়ে আবুল কাউসার আশা বলেন, অভিযোগ বাক্সের চাবি তাঁর কাছেই থাকবে। ফলে অভিভাবকেরা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এ প্রতিষ্ঠানকে ভালো অবস্থানে দেখতে চান তিনি। শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করে দেশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে, সেটিই তাঁর লক্ষ্য।
তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনঃপরীক্ষায় পাস না করলে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার মান বজায় রাখতে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

