নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আলমগীর ওরফে ফেন্সি আলমগীর (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার লালখাঁ এলাকার এডভান্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর ওই এলাকার রাজা মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ওরফে ফেন্সি আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

