নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবন সংলগ্ন একটি গ্যারেজের সামনে লিংক রোডের পূর্ব পাশে ফুটপাতের ওপর রাখা দুটি পুরোনো লেগুনায় দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ি দুটির আসন, কাচ, টায়ার ও প্লাস্টিকের বিভিন্ন অংশ পুড়ে যায়। পাশাপাশি ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় কাউছার আহম্মেদ পলাশ ছাড়াও মীর সোহেল আলী মীরু, মোহাম্মদ হাসান, মো. সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন বাঁধন, আলতাফ সরদার, উজ্জল, ফরহাদ, আল ফাহাদ অমিত, শামিউন সিনহা, বাসেদ মেম্বার, ইলিয়াস, দেলোয়ার, টিকা মোল্লা, মিলন, পলাশ, মো. সোহেল, শাওন, রাকিব হোসেন, রাসেল, ফয়সাল আহম্মেদ রূপম, হাজী মনিরুদ্দিন, আতাউর রহমান বাদল, আজমত আলী, মীর হোসেন মিরু, মো. রতন, আনিসুর রহমান শ্যামল, নুর হোসেন, মো. শিপলু, আমির, নেছার সোনি, ফাইজুল ইসলাম চেয়ারম্যান, শহর আলী, রাকিব হোসেন, শাহাদাত হোসেন সেন্টু ও সৌরভসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। তাদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

