নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রায় দুই মাস ধরে আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে উদ্ধার করা হয়েছে। দুই দফায় জাল ছিঁড়ে পালিয়ে যাওয়ার পর তৃতীয় দফার চেষ্টায় কুমিরটিকে আটক করতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার একটি পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় বিকেলে কুমিরটি আটক করা সম্ভব হয়। উদ্ধার অভিযানে বন বিভাগের বিশেষজ্ঞ দল, উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসী অংশ নেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার কুমির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার একটি পুকুরে প্রথম কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেন। তবে কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় তখন অভিযান সফল হয়নি।
এরপর দীর্ঘদিন কুমিরটির কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই মাস পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জিপাড়া এলাকার আরেকটি পুকুরে কুমিরটির দেখা মেলে। বুধবার সকাল থেকেও পুকুরের পানিতে কিছুক্ষণ পরপর কুমিরটির মাথা ভেসে উঠতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ পুকুরপাড়ে ভিড় করেন।
পুকুরের চারপাশে ঘনবসতি থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরা। পাশাপাশি পুকুরে মাছ থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছিল।
কুমিরটি উদ্ধারে এর আগে পুকুরের পানি কমানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প বসানো হয়েছিল। পানি কমিয়ে কুমিরটির অবস্থান নিশ্চিত করার পর বৃহস্পতিবার জাল দিয়ে উদ্ধারের চূড়ান্ত অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট বলে জানা গেছে। বন বিভাগের সহায়তায় কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে কুমিরটি উদ্ধারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের আতঙ্কের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

