নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে লতিফের বাসের গ্যারেজ ও ইটন সংলগ্ন সড়কের পাশে থ্রি স্টার পরিবহনের একটি স্টাফ বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্কিং করা ছিল। গভীর রাতে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। মামুন নামের এক ব্যক্তি বাসটি নিয়মিত চালাতেন বলে জানা গেছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা সড়কের পাশে রাখা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

