নারায়ণগঞ্জের পাগলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৭ জুন) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাগলা বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দ করা পণ্যসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীপথে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

