নারায়ণগঞ্জের বন্দরে ইসলামি বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কেটেছে। স্থানীয় আলেম-ওলামাদের একাংশের আপত্তি ও বিভিন্ন মহলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মাহফিল আয়োজনের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (১৬ নভেম্বর) রাতে মাহফিল অনুষ্ঠিত হওয়ার পথ খুলেছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা জানান, সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সুন্দর পরিবেশে মাহফিল সম্পন্ন করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, ‘আমরা সকলে ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সকলে এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এ মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে, সেটা খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দেবেন। আমরা আশা করি, আমির হামজা সাহেবের বক্তব্যে সকল আলেম-ওলামা খুশি হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’
আয়োজকদের তথ্যমতে, বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খান।
তবে আমির হামজার আগমনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বন্দরের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছিল। স্থানীয় আলেম-ওলামাদের একটি অংশ তাঁর বক্তব্য ও অবস্থান নিয়ে আপত্তি জানালে মাহফিল আয়োজন ঘিরে উত্তেজনা তৈরি হয়। যদিও এ পরিস্থিতির মধ্যেও আয়োজকেরা অনুষ্ঠান বাস্তবায়নের প্রস্তুতি অব্যাহত রাখেন।
মাহফিলের বিরোধিতা করে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন অভিযোগ করেন, বিতর্কিত রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মাহফিলের প্রচারপত্রে কয়েকজনের নাম তাঁদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
একই ধরনের আপত্তি জানান জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন কাসেমী। তিনি বলেন, তাঁরা মাহফিলের বিপক্ষে নন, বরং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি চান। তবে আমির হামজাকে বিতর্কিত বক্তা উল্লেখ করে তাঁকে মাহফিলে দেখতে চান না বলে জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন, আমির হামজার আগমন ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে মাহফিল উপভোগ করতে চান তাঁরা। এ জন্য সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সব মিলিয়ে আপত্তি, পাল্টাপাল্টি বক্তব্য ও প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে বন্দরের আলোচিত এ তাফসির মাহফিল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কেটেছে। এখন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করাই সংশ্লিষ্টদের সামনে প্রধান বিষয়।

