নারায়ণগঞ্জের ১নং বাবুরাইল এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ও অপরাধ দমনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (৭ আগস্ট) বিকেলে বাবুরাইল লেকসংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ওবায়েদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ বলেন, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেখানে মাদক ব্যবসায়ীদের পাওয়া যাবে, সেখানেই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, এর আগে একই বিষয়ে একটি সভা হলেও পরবর্তী সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার স্থানীয়দের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি দ্রুত একটি সর্বজনীন কমিটি গঠনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাবুরাইল লেকসংলগ্ন মাঠে এক সপ্তাহের মধ্যে হ্যালোজেন লাইট স্থাপনের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা হলে ছিনতাইকারী ও মাদক কারবারীদের অবাধ বিচরণ কমে আসবে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পাইকপাড়া মাদকবিরোধী পঞ্চায়েত কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন মৃধা, সমাজসেবক মো. লিটন, মোহাম্মদ শাহীন, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আরিফ হোসেন, মো. বাপ্পী, মো. লিখন, শাহনেওয়াজ শাহীন, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

