নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি (৪১) নামে এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরামার্কেটের সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেরামার্কেটের সামনে রনিকে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়দের দাবি, তাঁর পিঠে ১৫ থেকে ২০টি এবং মাথায় তিন থেকে চারটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় রনি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করে। স্থানীয়দের ভাষ্য, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৩০ মিটার দূরে আলামিনকে দেখা যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ ও কাটা-ছেঁড়ার চিহ্ন দেখে স্থানীয় দুই ব্যক্তি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তাঁরা।
স্থানীয়দের দাবি, ঘটনার এক থেকে দুই দিন আগে রনির সঙ্গে আলামিনের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তাঁদের ধারণা। পরে আলামিনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মিজমিজি তেরামার্কেটের সামনে রনি নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

