নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের খোরশেদ সুপার মার্কেটে অবস্থিত ‘আড্ডা রেস্টুরেন্ট’ ঘিরে নানা অভিযোগ উঠেছে। জনবহুল বাজারের মধ্যে রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তাঁদের অভিযোগ, রেস্টুরেন্টের ভেতরে পৃথক কক্ষ তৈরি করে যুগলদের নিরিবিলি সময় কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের ব্যস্ততম এলাকার খোরশেদ সুপার মার্কেটের নিচতলায় রেস্টুরেন্টটির অবস্থান। প্রতিষ্ঠানটির ভেতরে ছোট ছোট পৃথক কক্ষ বা খোপ তৈরি করা হয়েছে। প্রবেশমুখে ক্যাশ কাউন্টারে একজন তরুণী দায়িত্ব পালন করেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, মাঝবয়সী কিংবা বয়স্ক কেউ রেস্টুরেন্টে প্রবেশ করতে চাইলে তাঁকে বিভিন্ন অজুহাতে বাধা দেওয়া হয়। কখনো ভেতরে অতিথি থাকার কথা বলে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হয়। এসব ব্যবস্থার আড়ালে আপত্তিকর কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একসময় আড়াইহাজার পৌরসভার তৎকালীন মেয়রের সহযোগী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজু নামের এক ব্যক্তি রেস্টুরেন্টটি পরিচালনা করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। বর্তমানে তাঁর তত্ত্বাবধানেই রেস্টুরেন্টটি পরিচালিত হচ্ছে বলে দাবি তাঁদের।
স্থানীয়দের প্রশ্ন, উপজেলা সদরের মতো ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় একটি খাবারের রেস্টুরেন্টের ভেতরে এমন পৃথক কক্ষ তৈরির প্রয়োজনীয়তা কী? অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
তবে রেস্টুরেন্টকে ঘিরে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, রেস্টুরেন্টে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড হয় না। যারা এসব অভিযোগ করছেন, তাঁরা অসত্য তথ্য ছড়াচ্ছেন।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অভিযোগ ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিনে যাচাই এবং অভিযোগের সত্যতা অনুসন্ধানের দাবি উঠেছে।

