নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাল সংরক্ষণ ও বিক্রিতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই মুদি ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলামিন নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং আকতার নামের অপর ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার। এ সময় নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন কার্যকর করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
এদিকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় কয়েকজন ব্যবসায়ী দোকান খোলা রেখেই সেখান থেকে সরে যান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান শেষ করেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

