নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন সর্বশেষ দুই শিক্ষার্থীকেও নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তাঁদের একজনকে এইচডিইউতে এবং অপরজনকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। ফলে এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৪ শিক্ষার্থীর মধ্যে বর্তমানে আর কেউ আইসিইউতে চিকিৎসাধীন নেই।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, আইসিইউতে থাকা দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাঁদের মধ্যে লাইফ সাপোর্টে থাকা শিক্ষার্থীকে সফলভাবে মেকানিক্যাল ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। বর্তমানে তাঁর অক্সিজেন সাপোর্টেরও প্রয়োজন হচ্ছে না। পরে তাঁকে পুরুষদের এইচডিইউতে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, আইসিইউতে চিকিৎসাধীন অপর শিক্ষার্থীর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকেও সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। এই দুজন ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ অন্য কোনো শিক্ষার্থী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদ্রাসায় আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ মোট ৯৪ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাঁদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। চিকিৎসা শেষে পর্যায়ক্রমে ৯২ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাকি দুই শিক্ষার্থী গুরুতর অবস্থায় আইসিইউতে ছিলেন। সর্বশেষ তাঁদের অবস্থারও উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভবনের পাঠাগার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে মাদ্রাসার প্রায় এক হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থীর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে শ্বাসকষ্টে আক্রান্ত ৯৪ শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

