নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক আল আমিন প্রধানকে লক্ষ্য করে সশস্ত্র মহড়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পরপর দুই দিন ধরে এমন পরিস্থিতির শিকার হওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই সাংবাদিক।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি করেন আল আমিন প্রধান। তিনি দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি এবং ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
জিডি ও সাংবাদিকের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ বৈঠক চলছিল। সেখানে মাসুমসহ ৫ থেকে ৭ জন গিয়ে স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে আল আমিন প্রধান বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত লোকজন এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেন আল আমিন। তাঁর ভাষ্য, মাসুমসহ ১০ থেকে ১২ জন দেশীয় তৈরি রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। ওই সময় তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের ফোনে বিষয়টি জানতে পারেন তিনি। একপর্যায়ে অস্ত্রধারীরা তাঁর নাম ধরে ডাকাডাকি করে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।
ঘটনার পরপরই ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি জানান আল আমিন প্রধান। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। তাঁর দাবি, অভিযোগ পাওয়ার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পরপর দুই দিন একজন সাংবাদিককে ঘিরে এমন হুমকি ও ভয়ভীতির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের কোনো সাংবাদিকের ওপর সামান্যতম আঘাতও সাংবাদিক সমাজ মেনে নেবে না। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক কিংবা মাদক ব্যবসায়ী ও অপরাধী যে পরিচয়েরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রশাসন ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক যৌথ বক্তব্যে বলেন, আল আমিন প্রধান দীর্ঘদিন ধরে পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর ওপর পরপর দুই দিনের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন সাংবাদিকরা।

