নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল জোবায়েরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জোবায়েরকে আটক করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল জোবায়ের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কলেজ রোড এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার এম এ মাসুদ বাদলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে জোবায়েরের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার অভিযোগ কিংবা ঘটনার বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
এদিকে একই দিনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সামারি ট্রায়াল মামলার অভিযুক্ত আরিফ ঘরামী (৩২), সিআর পরোয়ানাভুক্ত কাজী কামরুজ্জামান বাপ্পী (৩৯) এবং ডাকাতির প্রস্তুতির মামলার আসামি মো. বাবু (২৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

