কারাগারে থাকা বন্দিদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা এবং মুক্তির পর কর্মসংস্থানের উপযোগী করে তুলতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক বন্দিদের উদ্দেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে কারাগার থেকে বের হয়ে মাদকমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, কারামুক্তির পর যারা মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনযাপন করবেন, তাদের মধ্য থেকে ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য শুধু কারাবন্দিদের শাস্তি দেওয়া নয়, বরং তাদের সমাজে পুনঃস্থাপনের সুযোগ তৈরি করা। সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে বন্দিদের বই পড়ার প্রতিও উৎসাহিত করা হচ্ছে। ভালো বই পড়ে মানসম্মত রিভিউ দেওয়ার জন্য ইতোমধ্যে কয়েকজন বন্দিকে পুরস্কৃত করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এদিকে বন্দিদের দক্ষতা উন্নয়ন ও মুক্তির পর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে গার্মেন্টস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৬০ ঘণ্টার এ প্রশিক্ষণের মাধ্যমে পোশাক তৈরির বিভিন্ন কাজে বন্দিদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণের পাশাপাশি বন্দিদের কাজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। কারাগারে গার্মেন্টসের কাজ বা অর্ডার থেকে যে লাভ হবে, তার ৫০ শতাংশ সংশ্লিষ্ট বন্দিদের দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে বন্দিরা কারাগারে অবস্থানকালেই কর্মদক্ষতা অর্জনের পাশাপাশি শ্রমের মূল্য পাওয়ার সুযোগ পাবেন।
কারা কর্তৃপক্ষের ভাষ্য, মাদক থেকে দূরে রাখা, আত্মনির্ভরশীল করে তোলা এবং মুক্তির পর যাতে তারা আবার অপরাধ বা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন—সেই লক্ষ্যেই সংশোধনমূলক ও কর্মমুখী বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য গার্মেন্টসকেন্দ্রিক প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রমের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে। কারাগারগুলোতে বন্দিদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মুক্তির পর কর্মজীবনে প্রতিষ্ঠিত করার উদ্যোগের অংশ হিসেবেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার শেখ মো. রাসেল ও উপ-তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ রুবেলসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

