নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে বিএনপি রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ফতুল্লার শিবু মার্কেট এলাকায় শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, কয়েকটি কারখানার নাম উঠে এসেছে। এসব বিষয়ে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। শ্রমিকদের স্বাভাবিক আন্দোলনের বাইরে কিছু গোষ্ঠী এখানে বক্তব্য দিয়েছে এবং মিছিলও করেছে। আমরা শ্রমিকদের পক্ষে আছি। তবে শ্রমিকদের এই ইস্যুকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না। বিএনপি রাজনৈতিকভাবেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, আজ সকালে প্রশাসনের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রশাসনের উপস্থিতি ছিল। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শ্রমিকদের দাবির বিষয়ে সংসদ সদস্য বলেন, আমরা সবসময় শ্রমিকদের পাশে আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। শ্রমিকদের জন্য যা ন্যায্য ও যৌক্তিক, তা বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা।
নিজেকে একজন গার্মেন্টস ব্যবসায়ী উল্লেখ করে আজাদ বলেন, আমিও চাই আমার প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য অধিকার পান। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করেছেন এবং এ বিষয়ে আলোচনা চলছে। শ্রমিকদের জন্য সবচেয়ে ভালো ও ন্যায্য যে সিদ্ধান্ত হবে, প্রধানমন্ত্রী সেটিই নেবেন। এ বিষয়ে সবাইকে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

