নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) ও তাঁর বড় ভাই ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বেপারীপাড়ায় তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে দুই ভাইকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তাঁর বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
সূত্রগুলোর দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে চলে গেলেও এই দুই ভাই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম দিকে তাঁরা বাড়ির বাইরে তেমন বের না হলেও পরবর্তী সময়ে এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। তাঁর বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

