ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার সোনারগাঁয়ে অটোচালক হত্যাকাণ্ড এবং রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে চাঁদার দাবিতে অটোরিকশাচালক আবদুল মমিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একইসঙ্গে রূপগঞ্জ উপজেলার বিরাবো এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের পরিচয়ে কিছু ক্যাডার চাঁদাবাজি ও দখলবাজির মাধ্যমে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একজন শ্রমজীবী অটোরিকশাচালককে চাঁদার দাবিতে হত্যা করার ঘটনাকে তিনি “হৃদয়বিদারক” বলে উল্লেখ করেন।
রূপগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, একটি ব্রিক ফিল্ডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং কয়েকজন শ্রমিক আহত হন।
মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জজুড়ে চাঁদাবাজি ও দখলবাজির এক ধরনের “মহোৎসব” চলছে, যা জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত পরিস্থিতিতে এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।

