নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।
ডিবি পরিদর্শক নজরুল ইসলাম জানান, আক্তার নূরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আক্তার নূরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার বিরুদ্ধে হামলা ও সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ ওঠে।
আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমানের বিরুদ্ধেও মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এর পর থেকে বিভিন্ন সময়ে তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান ও আটকের ঘটনা ঘটেছে।
আক্তার নূরকে আটকের ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক ও অপরাধজগতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের ওপরই এখন নজর রয়েছে।

