নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের প্রথম নির্বাচনে জয় পেয়েছে নবী-টিপু প্যানেল। নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। পাশাপাশি কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নবী হোসেন। আর পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।
শনিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সেক্রেটারি পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু আল ইউসুফ খান টিপু। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৮১, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ২৭৫, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। তিনি পেয়েছেন ১১০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. হারুন অর রশীদ খান ৯১ এবং মোহাম্মদ নাজমুল হক ৮৭ ভোট পেয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হন আজীবন সদস্যরা।
ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন ও ভোটাধিকার প্রয়োগ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা ছিলেন তার স্ত্রী অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ বছরের ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ঐতিহাসিকভাবে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, তাদেরও আজীবন সদস্য হিসেবে বিজয়ীদের সঙ্গে সমন্বয় করে জনসেবায় কাজ করার আহ্বান জানান তিনি।

