নারায়ণগঞ্জে মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। একই সঙ্গে সরকারি অস্ত্র উদ্ধারের চলমান অভিযান অব্যাহত রেখে নির্বাচনের আগেই অবশিষ্ট ৩৬টি অস্ত্র উদ্ধারের আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক।
ডিসি রায়হান কবির বলেন, থানার স্বাভাবিক কার্যক্রমের সামগ্রিক বিষয় পরিদর্শন করা হয়েছে। এ সময় হাজতখানা ও অস্ত্রাগারসহ থানার বিভিন্ন কার্যক্রম দেখা হয়েছে। পাশাপাশি সরকারি অস্ত্র উদ্ধারে চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদেরও অভিযানের আওতায় আনা হবে।
তিনি বলেন, ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। এসব অপরাধ দমনে টহল বাড়ানোসহ সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরগুলোতে জনগণ কী ধরনের সেবা পাচ্ছেন এবং সেবাদানের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি না, তা জানতে নিয়মিত পরিদর্শন করা হয়। এর অংশ হিসেবে ইউএনও কার্যালয়, ভূমি অফিস, থানা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো পরিদর্শন করা হয়েছে।
বন্দর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এখানে বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ইউএনও কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার স্তূপও পরিষ্কার করা হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে রায়হান কবির বলেন, জাতীয় নির্বাচনের মতোই সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন নিয়েই তাদের কাজ করতে হবে।
সরকারি অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি অস্ত্রগুলো প্রতি মাসেই একটি-দুটি করে উদ্ধার হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৩৬টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। আশা করছি, জাতীয় নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।

