নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও তাঁর চার বছরের শিশু সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন। বুধবার ভোরের এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তাঁর শিশুসন্তান। দুর্ঘটনার ধাক্কায় তাঁরা গুরুতরভাবে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও ট্রাকের আরও চার থেকে পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সিমেন্টবোঝাই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।
এ ঘটনায় নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

