দুই দশক আগে রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। কর্মসূচি থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে দলটির বিক্ষোভ মিছিল শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পল্টনের ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁরা বলেন, রাজনৈতিক বিরোধের কারণে প্রাণহানির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ঘটনার পেছনে যারা পরিকল্পনা করেছে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তাঁদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অতীতের আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার বিষয়ও উঠে আসে। পিলখানা ও শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।
সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে ওই দিনের ঘটনাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয় বলে কর্মসূচির আয়োজকেরা জানান।

