নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ছিনতাইকারী সন্দেহে সিজান (২৫) নামে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে গণপিটুনির অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি শনিবার (৪ জুলাই) রাতের।
নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় সম্প্রতি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত ‘আল ফালাহ কল্যাণ’ নামে একটি সংগঠনের সদস্যরা সিজানকে বাসা থেকে তুলে নিয়ে যান। সংগঠনটির নেতৃত্বে থাকা স্থানীয় মসজিদের ইমাম কাউছার হোসেনের নির্দেশে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবক তাকে মাসদাইর মোড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন বলে দাবি পরিবারের।
সিজানের বাবা ইউনুছ মিয়া অভিযোগ করেন, মারধরের সময় লোহার পাইপ দিয়ে তার ছেলের ডান পায়ে আঘাত করে পা ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে সিজান অচেতন হয়ে পড়লে তাকে খুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বলা হয়। পরে স্বজনরা তাকে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউছার হোসেন। তিনি বলেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিল। তাকে শুধুমাত্র বুঝিয়ে-শুনিয়ে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতেই ডেকে আনা হয়েছিল। এ সময় উপস্থিত কিছু উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করে। যারা মারধর করেছে, তারা তার সংগঠনের সদস্য নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

