নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েল সংরক্ষণের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়ার বরাত দিয়ে জানা যায়, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনার সময় গোডাউনের মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। গোডাউনটির বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

