সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকার গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ বলা হলে কারও মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কারণ তিনি তার কর্মের মাধ্যমে এ পরিচয় অর্জন করেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং কোনো আপস করেননি।
তিনি বলেন, খালেদা জিয়া চাইলে পরিবার নিয়ে ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারতেন। কিন্তু দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তিনি তা করেননি। বরং গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও সাহস আজও নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগায়।
মামুন মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া এখন আমাদের মাঝে নেই, তবে তার সংগ্রাম ও ত্যাগ আমাদের জন্য সাহসের উৎস হয়ে রয়েছে। তার জীবন ও ত্যাগ থেকে নেতা-কর্মীদের শিক্ষা নেওয়া উচিত।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

