নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাব।
গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক নাবিলা শারমিন বলেন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও দায়িত্বশীলতা জোরদার হবে বলে আমরা প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কমিটি এসব ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। একই সঙ্গে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করছি।
সদর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব জিহাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটির সব নেতৃবৃন্দকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরা। নতুন কমিটি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত দায়িত্ব পালনে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
এদিকে, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠনকে ঘিরে আগের একটি কমিটির প্রক্রিয়া নিয়ে কয়েকজন সাংবাদিকের আপত্তি ও অসন্তোষের বিষয়ও সামনে এসেছে। সংশ্লিষ্টদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কমিটির বিষয়ে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে সংগঠনের কার্যক্রম সচল রাখা এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা জোরদার হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

