দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। একই সঙ্গে বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার, বাজার মনিটরিং এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে ডিআইটি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। তারা অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির অভিযোগ তুলে তারা প্রশাসনের মাধ্যমে বাজার ও গণপরিবহন খাতে নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস নিশ্চিত করারও দাবি জানান তারা।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।

