ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ১৩টি অস্থায়ী পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এর আগে জমা পড়া দরপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। পরে কমিটির সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার সবচেয়ে বেশি মূল্যে ইজারা পেয়েছে গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুর এলাকায় মোসা. হোসনে আরা বেগম গংদের নিজস্ব জমিতে বসতে যাওয়া পশুর হাট। ৯২ লাখ ৫৫ হাজার ৭০০ টাকায় হাটটির ইজারা পেয়েছেন মো. লুৎফর রহমান।
অন্যদিকে সর্বনিম্ন ১ লাখ ৭৫ হাজার টাকায় বক্তাবলী বাজারসংলগ্ন খালি জায়গায় বসতে যাওয়া পশুর হাটের ইজারা পেয়েছেন নজরুল ইসলাম।
এছাড়া গোগনগর ইউনিয়নের সমিলসংলগ্ন আলী আকবর বেপারীর নিজস্ব জমিতে বসতে যাওয়া পশুর হাট ২ লাখ ৬৬ হাজার টাকায় পেয়েছেন হাবিবুর রহমান সেলিম। বাড়িরটেক এলাকায় নিট রিফ্লেক্স গার্মেন্টস ও আলী হোসেন বেপারী মাদ্রাসাসংলগ্ন শাজাহান মিয়ার জমিতে বসা হাটের ইজারা ৭ লাখ ৬ হাজার টাকায় পেয়েছেন সোহেল। আওয়ালের গুদারাঘাটসংলগ্ন খালি জায়গার হাট ২ লাখ টাকায় ইজারা নিয়েছেন লিটন মিয়া।
ডিক্রিরচর খেয়াঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর পূর্বপাড়ের বালুর মাঠে বসা পশুর হাট ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকায় পেয়েছেন আব্দুর রহমান। বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর ফকির মার্কেটসংলগ্ন শাহ নুরুল ইসলামের জমিতে বসা হাট ২ লাখ ২৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন আবুল খায়ের।
কাশিপুর ইউনিয়নে ওরিয়ন পাওয়ার প্ল্যান্টসংলগ্ন মামুন সাহেবের বালুর মাঠে বসা পশুর হাটের ইজারা হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকায়। হাটটির ইজারা পেয়েছেন রাশেদুল ইসলাম।
কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাজ মসজিদসংলগ্ন হিমেল ও নুরে আলমের পরিত্যক্ত মাঠে বসা পশুর হাট ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকায় পেয়েছেন আরিফুর রহমান। একই ইউনিয়নের ভূঁইগড় সোনালী সংসদসংলগ্ন খেলার মাঠে বসা পশুর হাট ৩০ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পেয়েছেন মাজেদুল হক মাজু।
এছাড়া সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারা মসজিদের পাশের খালি মাঠে বসা পশুর হাট ১৬ লাখ ৭৫ হাজার টাকায় পেয়েছেন শহিদুল ইসলাম টিটু। আলীগঞ্জ এলাকায় ৪টি মসজিদ ও ২টি মাদ্রাসার উন্নয়নকল্পে অফসার ওয়েল মিলসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে বসা হাটের ইজারা ৭ লাখ ৫০ হাজার টাকায় নিয়েছেন সাখাওয়াত হোসেন। পাগলা আন্তজেলা ট্রাকস্ট্যান্ড মাঠে বসা পশুর হাটের ইজারা পেয়েছেন মুহাম্মদ শহিদুল্লাহ, যার দর ছিল ৬ লাখ টাকা।
সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদিত দরদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ইজারার অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি হাট পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইজারা বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

