বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোঃ আসলাম হোসেনের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-১৯০০) এবং ১২তম গ্রেড (এ) দাবি বাস্তবায়ন কমিটি।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ভিপি মোহাম্মদ হানিফ ও মহাসচিব আহমেদ ফজলে রাব্বি, পাশাপাশি ১২তম গ্রেড (এ) দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল হালিম এবং সদস্য সচিব আব্দুস সোবাহান মিয়া নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেনকে লাল গোলাপের শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, মোঃ আসলাম হোসেনের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত যোগ্যতা বিটিসিএলকে আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তারা আরও উল্লেখ করেন, বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া, কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে নবনিযুক্ত এমডি আন্তরিক ও কার্যকর ভূমিকা পালন করবেন বলে তাদের দৃঢ় বিশ্বাস। একই সঙ্গে প্রতিষ্ঠানকে লাভজনক ও জনবান্ধব সেবাদানকারী সংস্থা হিসেবে আরও এগিয়ে নিতে তিনি সফল হবেন বলেও আশা প্রকাশ করেন।
এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৯০০-এর মহাসচিব আহম্মদ ফজলে রাব্বির সাম্প্রতিক বদলিকে কেন্দ্র করে বিটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। কর্মচারীদের দাবি, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখায় তিনি সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই দেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পুনরায় বিটিসিএলে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ১২তম গ্রেড (এ) দাবি বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ মোঃ আসলাম হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিটিসিএলের উন্নয়ন ও সমৃদ্ধি আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

